ফের এপিএ মূল্যায়নে শীর্ষ ১০- এ আইসিটি বিভাগ

১৯ জুলাই, ২০২৩ ১৩:১৪  

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে সরকারে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে আবারও শীর্ষ ১০ এ স্থান করে নিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। বাকি নয়টি প্রতিষ্ঠান জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ, কৃষি মন্ত্রণালয়, অর্থ বিভাগ, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পানি সম্পদ মন্ত্রণালয়, পরিকল্পনা বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ।

বুধবার (১৯ জুলাই) ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর এবং এপিএ ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান-২০২৩’ এর মাধ্যমে এই সম্মাননা দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এপিএ স্বাক্ষর এবং এপিএ ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এপিএ ও শুদ্ধাচার পুরস্কার প্রদান এবং মূল্যবান দিক-নির্দেশনা দেন।

সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি এবং গতিশীলতা আনয়নের লক্ষ্যে বর্তমান সরকার ২০১৪-১৫ অর্থবছরে ‘বার্ষিক কর্মসম্পাদন চুক্তি’ বা এপিএ প্রবর্তন করা হয়। প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসাবে মন্ত্রিপরিষদ সচিব এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব পাওয়া মন্ত্রীর প্রতিনিধি হিসাবে সিনিয়র সচিব ও সচিবের মধ্যে প্রতি বছর এ চুক্তি স্বাক্ষরিত হয়ে থাকে।

প্রতি বছর মন্ত্রণালয় ও বিভাগের এপিএ স্বাক্ষর অনুষ্ঠানে শুদ্ধাচার পুরস্কারও দেওয়া হয়ে থাকে। ২০২২-২৩ অর্থবছরে সিনিয়র সচিব ও সচিবদের মধ্য থেকে ব্যক্তিপর্যায়ে শুদ্ধাচার চর্চার স্বীকৃতিস্বরূপ পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিত কর্মকারকে ‘শুদ্ধাচার পুরস্কার, ২০২২-২৩’ দেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ২০২১-২০২২ অর্থবছরের মূল্যায়নে ২০২১ সালে  সরকারে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করে আবারও শীর্ষে রয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।